Tuesday, 14 February 2023

LOVE FOR ME

LOVE FOR ME


Love for me, is waking up to rich aroma of a warm cup of coffee, as I snuggle in my duvet in a cold morning

Love for me, is cooking a favourite dish while my body hurts, just to see the smiles after a satisfying meal

Love for me, is feeling the furry weight pushing against me for comfort and confidence

Love for me, is holding the same hands for support, that once held mine for reassurance 

Love for me is the feel of old books and the fading green of the signature ink

Love for me is the smell of old sarees that bring back a piece of my childhood again 

And Love for me are the lost touches, the faraway voices , the whispers of days goneby

Love is much beyond flowers and cards, chocolates and teddies, selfies and smileys

It is an endless emotion enclosed in a four cornered word frame





Sunday, 1 August 2021

বন্ধুত্ব


 

তার কোনো জাত নেই, নেই কোনো মন্ত্র

ঠিকানাও নেই কোনো , নেই তার গোত্র I

আছে শুধু সীমাহীন বিশ্বাস ভরপুর

স্মৃতিভরা আঙিনায় বার বার হাত ধর II

বৃষ্টিতে ভেজা পথে সোঁদা সেই গন্ধ

দোষ গুন্ নয়, আছে ভালোবাসা অন্ধ I

তারাভরা আকাশের চাদরের তলাতে

নির্মল স্বপ্নে ভরা বই মলাটে II

সুবজের মাঠে সেই স্বর্ণালী রোদ্দুরে

ভুলে যাওয়া জলছবি বার বার মনে পড়ে I

দূরে তবু কাছে থাকে, প্রেম বিনা শর্তে

সে আমার বন্ধু, জয় বন্ধুত্বে  II


                               
                                    -  সোমদত্তা রায়  




Saturday, 15 May 2021

একান্তে

 



 

হিসেবের খাতা  মিলে গিয়ে হলো বন্ধ

চারিদিকে রব কে গেলো কে গেলো রে I

কার ডাক এলো আজকে  ঘুমের নায়ে

ধূপ, ধুনো নয় শুধু মৃত্যুর গন্ধ II

কাল যা ছিল সংখ্যা, আজ সে নাম

চেনা মুখগুলোর অচেনা শরীর আজ I

সাদা ছাঁচে মুড়ে আপন হয়েছে পর

সেখানে বিভেদ নেই রহিম বা রাম II

নেই তো কোনো ঘরে ফেরার আজ তাড়া 

নেই শেষ ছোঁয়া, নেই স্বজনের রেশ I

শুধু আছে এই  একলা  যাত্রা  পথ

চাল মাপা  হলো  এবারের  মতো  সারা II

 

                                         -     সোমদত্তা রায়


PC: Internet





Sunday, 25 April 2021

রাজা সাজা

 

মনের তো নয় মানুষের কথা হোক,

মৃত্যুর নয়, ওড়াও জীবন ধ্বজা I

কবে সত্যের পথটা দেখবে লোক,

অনেক তো হলো মিথ্যা রাজা সাজা II


উৎসবের ডাক দিয়েছিলে তুমি দেশে,

মৃত্যু মিছিলে পরিণত তা আজ I

রামের তো নয় ভেতরে যমের বেশে,

তোমার এ সাজ মিথ্যা, মহারাজ  II


ধর্মের নামে খেলেছো অনেক লীলা,

স্বপ্নের দিন ভ্রষ্টাচারের শেষ I

মিথ্যা প্রতিশ্রুতির হোরিখেলা ,

নিঃশ্বাসে দাম দিচ্ছে যে আজ দেশ  II


ভুলের মাশুল গুনছে যে দেশবাসী,

চলে গেলো কত তরতাজা সব প্রাণ I

বুঝবে কি তা অজ্ঞ অর্চক রাশি,

মহারাজা, তুমি মোটেই নয় মহান II


মন নয়, আজ বাঁচুক আগে প্রাণ,

গেরুয়া নয়, রামধনু রঙে ধ্বজা  I

ধর্মের নয়, বিজ্ঞানের গাও গান,

নাহলে যে শুধু মিথ্যা রাজা সাজা II

                            

                                     -   সোমদত্তা রায়   


Courtesy : Internet

Friday, 23 April 2021

বই


কেটেছে বেলা তোমার নিঃশব্দ চয়নে 

বহু ভাবনার প্রকাশ তোমার মাঝে  

প্রশ্নের উত্তরসেও তো দিয়েছো তুমি 

মিটেছে শূন্যতা তোমার নিগূঢ় গহনে ।।


বহু না বলা কথার তুমি অভিব্যক্তি 

কত বিরহী রাতের অশ্রু সাক্ষী 

ব্যামোহ ব্যাথায় রিক্ত যখন আমি 

বার বার তুমি দিয়েছো বাঁচার শক্তি ।।


তোমার কাছেই জেনেছি জগতের বিস্ময় 

এনেছো দেশ বিদেশ, ঘরের কোনে 

করেছো আমার জীবনকে সম্মৃদ্ধ

জ্ঞানউপলব্ধিহর্ষের তুমি সমন্বয়ে  ।।


                                          - সোমদত্তা রায়





Thursday, 15 April 2021

প্রত্যাবর্তন ৩ – নববর্ষ

 

আবার কবে দেখা হবে সুস্থ শহর প্রান্তে,

আবার কবে দেখা হবে সবল এক দিনান্তে I

আবার কবে দেখা হবে মায়ের স্নেহের চোখে,

আবার কবে দেখা হবে আলিঙ্গনের বুকে I

আবার কবে দেখা হবে পথের বাঁকের ধারে,

আবার কবে দেখা হবে সাত সাগরের পারে II

 

ছুঁয়ে তোমায় দেখতে চাই তোমার কাছে এসে,

হাতটা আবার ধরতে চাই তোমায় ভালোবেসে I

ঘুরবো আবার পথে ঘাটে খেলা ধুলার মাঠে মাঠে,

করবো আবার লুটোপুটি নববর্ষের প্রাতে I

হবে দেখা তোমার সাথে আবার নতুন বেশে,

 আশা, তুমি  বদলাবে না অতিমারীর শেষে II


                                                       - সোমদত্তা রায় 




Image Courtesy: Internet


                                            - 

Sunday, 21 March 2021

প্রত্যাবর্তন ২ - ফেরা

 



 

না বলা কথাগুলো, সব রাখা ছিল হলঘরের বুকশেলফে,

হয়তো এখন পুরোনো বইয়ের পাতার দুধপুকুর আর  ক্ষীরসাগরের অতলে  I

না শোনা গুঞ্জনগুলো, গোঁজা ছিল তিনতলার জানলার খড়খড়িতে,

হয়তো শব্দ হয়ে ঝরে পড়েছে বর্ষার শীলের সঙ্গে নীচের উঠোনে I

আর না গাওয়া গানগুলো, ছিল পুরোনো হারমোনিয়ামটার রীডের খাঁজে

হয়তো কোনো অচেনা গানওয়ালার গলার সওয়ারি এখন ওরা I

হাঁ যাবো, তোমার কাছে একদিন  ফিরে  যাবো

আমার ফেলে আসা ওই হারানো সুরগুলো,

নিয়ে আসবো তার ছেঁড়া সেই  তানপুরাটায় ভরে

দেখবে আমি বদলাইনি, একটুও বদলাইনি  II

 

অচেনা রংগুলো, রাখা ছিল আঁকার খাতার পাতায় পাতায়,

হয়তো আগুনে পাখির ধূপছায়া ডিমগুলোর মধ্যে আজও তারা লুকিয়ে I

ছোটবেলার সেই অসমাপ্ত ক্যানভাসটা, ঝুলছিলো চিলেকোঠার দেওয়ালে,

হয়তো সিঁদুরে সূর্য্যের ওপর আজ পড়েছে ধূসরের  আস্তরণ I

আর না গোনা তারাগুলো, তুলে রেখেছিলাম ভাঙা টালির ফাঁকের কালো আকাশে,

হয়তো ওরা আজও খুঁজে ফিরছে হারিয়ে যাওয়া সেই মাকে I

হাঁ যাবো, তোমার কাছে একদিন ফিরে যাবো,

আমার ফেলে আসা সেই পুরোনো খেয়ালগুলো,

নিয়ে আসবো রঙ্গীন স্বপ্নের জালে বোনা ঝোলায় ভরে,

দেখবে আমি বদলাইনি,  একটুও  বদলাইনি  II

 

দুপুরের কিছু গন্ধ রাখা ছিল ভাঁড়ার ঘরের কুলুঙ্গিতে,

হয়তো এখন তারা রঙ্গীন শিশি বয়ামের অন্তরালে I

বিকেলের প্রথম কালবৈশাখীর গন্ধটা, পুঁতেছিলাম জুঁই গাছটার শিকড়ে

কালের হাওয়ায় বারান্দা টপকে হয়তো সে পৌঁছে গেছে নতুন কোনো ঘাসে I

আর সন্ধ্যের সেই শেষ বেলফুলের মালাটা, ছিল ফুলওয়ালারই ঝুড়িতে,

হয়তো তার মিষ্টি গন্ধে ভরিয়েছে সে কোনো এক অন্ধকার ঝাড়বাতির নিচ I

হাঁ যাবো, তোমার কাছে একদিন  ফিরে  যাবো,

আমার সেই ফেলে আসা  সুরভীগুলো,

নিয়ে  আসবো হাস্নুহানার পাথরবাটি ভরে,

দেখবে আমি বদলাইনি, একটুও  বদলাইনি  II


হাঁ যাবো, তোমার কাছে একদিন  ফিরে  যাবো I

দেখবে আমি বদলাইনি, একটুও বদলাইনি II


                                                  - সোমদত্তা রায়