Sunday, 1 August 2021

বন্ধুত্ব


 

তার কোনো জাত নেই, নেই কোনো মন্ত্র

ঠিকানাও নেই কোনো , নেই তার গোত্র I

আছে শুধু সীমাহীন বিশ্বাস ভরপুর

স্মৃতিভরা আঙিনায় বার বার হাত ধর II

বৃষ্টিতে ভেজা পথে সোঁদা সেই গন্ধ

দোষ গুন্ নয়, আছে ভালোবাসা অন্ধ I

তারাভরা আকাশের চাদরের তলাতে

নির্মল স্বপ্নে ভরা বই মলাটে II

সুবজের মাঠে সেই স্বর্ণালী রোদ্দুরে

ভুলে যাওয়া জলছবি বার বার মনে পড়ে I

দূরে তবু কাছে থাকে, প্রেম বিনা শর্তে

সে আমার বন্ধু, জয় বন্ধুত্বে  II


                               
                                    -  সোমদত্তা রায়  




Saturday, 15 May 2021

একান্তে

 



 

হিসেবের খাতা  মিলে গিয়ে হলো বন্ধ

চারিদিকে রব কে গেলো কে গেলো রে I

কার ডাক এলো আজকে  ঘুমের নায়ে

ধূপ, ধুনো নয় শুধু মৃত্যুর গন্ধ II

কাল যা ছিল সংখ্যা, আজ সে নাম

চেনা মুখগুলোর অচেনা শরীর আজ I

সাদা ছাঁচে মুড়ে আপন হয়েছে পর

সেখানে বিভেদ নেই রহিম বা রাম II

নেই তো কোনো ঘরে ফেরার আজ তাড়া 

নেই শেষ ছোঁয়া, নেই স্বজনের রেশ I

শুধু আছে এই  একলা  যাত্রা  পথ

চাল মাপা  হলো  এবারের  মতো  সারা II

 

                                         -     সোমদত্তা রায়


PC: Internet





Sunday, 25 April 2021

রাজা সাজা

 

মনের তো নয় মানুষের কথা হোক,

মৃত্যুর নয়, ওড়াও জীবন ধ্বজা I

কবে সত্যের পথটা দেখবে লোক,

অনেক তো হলো মিথ্যা রাজা সাজা II


উৎসবের ডাক দিয়েছিলে তুমি দেশে,

মৃত্যু মিছিলে পরিণত তা আজ I

রামের তো নয় ভেতরে যমের বেশে,

তোমার এ সাজ মিথ্যা, মহারাজ  II


ধর্মের নামে খেলেছো অনেক লীলা,

স্বপ্নের দিন ভ্রষ্টাচারের শেষ I

মিথ্যা প্রতিশ্রুতির হোরিখেলা ,

নিঃশ্বাসে দাম দিচ্ছে যে আজ দেশ  II


ভুলের মাশুল গুনছে যে দেশবাসী,

চলে গেলো কত তরতাজা সব প্রাণ I

বুঝবে কি তা অজ্ঞ অর্চক রাশি,

মহারাজা, তুমি মোটেই নয় মহান II


মন নয়, আজ বাঁচুক আগে প্রাণ,

গেরুয়া নয়, রামধনু রঙে ধ্বজা  I

ধর্মের নয়, বিজ্ঞানের গাও গান,

নাহলে যে শুধু মিথ্যা রাজা সাজা II

                            

                                     -   সোমদত্তা রায়   


Courtesy : Internet

Friday, 23 April 2021

বই


কেটেছে বেলা তোমার নিঃশব্দ চয়নে 

বহু ভাবনার প্রকাশ তোমার মাঝে  

প্রশ্নের উত্তরসেও তো দিয়েছো তুমি 

মিটেছে শূন্যতা তোমার নিগূঢ় গহনে ।।


বহু না বলা কথার তুমি অভিব্যক্তি 

কত বিরহী রাতের অশ্রু সাক্ষী 

ব্যামোহ ব্যাথায় রিক্ত যখন আমি 

বার বার তুমি দিয়েছো বাঁচার শক্তি ।।


তোমার কাছেই জেনেছি জগতের বিস্ময় 

এনেছো দেশ বিদেশ, ঘরের কোনে 

করেছো আমার জীবনকে সম্মৃদ্ধ

জ্ঞানউপলব্ধিহর্ষের তুমি সমন্বয়ে  ।।


                                          - সোমদত্তা রায়





Thursday, 15 April 2021

প্রত্যাবর্তন ৩ – নববর্ষ

 

আবার কবে দেখা হবে সুস্থ শহর প্রান্তে,

আবার কবে দেখা হবে সবল এক দিনান্তে I

আবার কবে দেখা হবে মায়ের স্নেহের চোখে,

আবার কবে দেখা হবে আলিঙ্গনের বুকে I

আবার কবে দেখা হবে পথের বাঁকের ধারে,

আবার কবে দেখা হবে সাত সাগরের পারে II

 

ছুঁয়ে তোমায় দেখতে চাই তোমার কাছে এসে,

হাতটা আবার ধরতে চাই তোমায় ভালোবেসে I

ঘুরবো আবার পথে ঘাটে খেলা ধুলার মাঠে মাঠে,

করবো আবার লুটোপুটি নববর্ষের প্রাতে I

হবে দেখা তোমার সাথে আবার নতুন বেশে,

 আশা, তুমি  বদলাবে না অতিমারীর শেষে II


                                                       - সোমদত্তা রায় 




Image Courtesy: Internet


                                            - 

Sunday, 21 March 2021

প্রত্যাবর্তন ২ - ফেরা

 



 

না বলা কথাগুলো, সব রাখা ছিল হলঘরের বুকশেলফে,

হয়তো এখন পুরোনো বইয়ের পাতার দুধপুকুর আর  ক্ষীরসাগরের অতলে  I

না শোনা গুঞ্জনগুলো, গোঁজা ছিল তিনতলার জানলার খড়খড়িতে,

হয়তো শব্দ হয়ে ঝরে পড়েছে বর্ষার শীলের সঙ্গে নীচের উঠোনে I

আর না গাওয়া গানগুলো, ছিল পুরোনো হারমোনিয়ামটার রীডের খাঁজে

হয়তো কোনো অচেনা গানওয়ালার গলার সওয়ারি এখন ওরা I

হাঁ যাবো, তোমার কাছে একদিন  ফিরে  যাবো

আমার ফেলে আসা ওই হারানো সুরগুলো,

নিয়ে আসবো তার ছেঁড়া সেই  তানপুরাটায় ভরে

দেখবে আমি বদলাইনি, একটুও বদলাইনি  II

 

অচেনা রংগুলো, রাখা ছিল আঁকার খাতার পাতায় পাতায়,

হয়তো আগুনে পাখির ধূপছায়া ডিমগুলোর মধ্যে আজও তারা লুকিয়ে I

ছোটবেলার সেই অসমাপ্ত ক্যানভাসটা, ঝুলছিলো চিলেকোঠার দেওয়ালে,

হয়তো সিঁদুরে সূর্য্যের ওপর আজ পড়েছে ধূসরের  আস্তরণ I

আর না গোনা তারাগুলো, তুলে রেখেছিলাম ভাঙা টালির ফাঁকের কালো আকাশে,

হয়তো ওরা আজও খুঁজে ফিরছে হারিয়ে যাওয়া সেই মাকে I

হাঁ যাবো, তোমার কাছে একদিন ফিরে যাবো,

আমার ফেলে আসা সেই পুরোনো খেয়ালগুলো,

নিয়ে আসবো রঙ্গীন স্বপ্নের জালে বোনা ঝোলায় ভরে,

দেখবে আমি বদলাইনি,  একটুও  বদলাইনি  II

 

দুপুরের কিছু গন্ধ রাখা ছিল ভাঁড়ার ঘরের কুলুঙ্গিতে,

হয়তো এখন তারা রঙ্গীন শিশি বয়ামের অন্তরালে I

বিকেলের প্রথম কালবৈশাখীর গন্ধটা, পুঁতেছিলাম জুঁই গাছটার শিকড়ে

কালের হাওয়ায় বারান্দা টপকে হয়তো সে পৌঁছে গেছে নতুন কোনো ঘাসে I

আর সন্ধ্যের সেই শেষ বেলফুলের মালাটা, ছিল ফুলওয়ালারই ঝুড়িতে,

হয়তো তার মিষ্টি গন্ধে ভরিয়েছে সে কোনো এক অন্ধকার ঝাড়বাতির নিচ I

হাঁ যাবো, তোমার কাছে একদিন  ফিরে  যাবো,

আমার সেই ফেলে আসা  সুরভীগুলো,

নিয়ে  আসবো হাস্নুহানার পাথরবাটি ভরে,

দেখবে আমি বদলাইনি, একটুও  বদলাইনি  II


হাঁ যাবো, তোমার কাছে একদিন  ফিরে  যাবো I

দেখবে আমি বদলাইনি, একটুও বদলাইনি II


                                                  - সোমদত্তা রায় 





Sunday, 28 February 2021

ফ্রেন্ড রিকোয়েস্ট

 তোতা  অনেক  হাসাহাসি  করেছিল  ফেসবুকে বিলকি  মাসির  পোস্ট  গুলো  দেখে I যত সব পুরোনো কবিতা আর গান I বলেছিলো  তুলি ,  তুই ভুলেও  বিলকি  মাসির  ফ্রেন্ড  রিকোয়েস্ট  আ্যক্সেপ্ট করিস না I প্রাইভেসী বলে আর কিছুই থাকবেনা I ফেসবুকে নতুন  কিনা  তার ওপর  হাতে  অঢেল  সময়  তাই  আমাদের প্রোফাইলে গিয়ে সব  দেখে  আর  মাঝে  মধ্যেই  ফোন 

করে জিগেশ করে "ছেলেটা কে রে ? তোর বন্ধু বুঝি ? স্পেশাল কিছু?"  "তুই  ওতো  পিঠ কাটা  জামা  পরলি  কেনলোকে কি বলবে হাঁ?” সেদিন  আরো  কিছুক্ষন  বিলকি  মাসিকে  নিয়ে  প্রচুর  হাসাহাসি  করে আমরা অবশ্য  অন্য  গল্পে  চলে  গিয়েছিলম I

 

বিলকি মাসি আমাদের  এক  তুতো  মাসি ,  বিয়ে  থা  করেননি I একটি  স্কুলে  বাংলার টিচার  ছিলেন I যতদিন  ওনার  মা,  

মানে মনিদিদা   বেঁচে  ছিলেন,  ততদিন  তাকে সন্তানের  মতো আগলে সারা সময়টা কাটাতেন I  মনিদিদা যাওয়ার পর এখন  একাই  থাকেন  ওনাদের  কালীঘাটের  বাড়িতে I আর থাকে দুটো বুলবুলি পাখি I দিনের বেশির ভাগটাই  আন্তীয়স্বজন  আর পড়শিদের খবর নিয়ে আর চর্চা করে কাটে বিলকি মাসির I বাকিটা  বুলবুলিদের সঙ্গে বক বক করে I সেই হেনো বিলকি মাসি  এখন ফেসবুক 

আসক্ত I 

 

এর পর প্রায় বছর পাঁচেক কেটে গেছে I এক  রবিবার দুপুরে স্বভাবতই আমার  কর্তাটি  জমিয়ে  ভাতঘুম  দিচ্ছে  আর আমি  বহুদিন   পর  বইএর আলমারি গুছিয়েছি I  কয়েকটা  পুরোনো  ছোটবেলার  বইয়ের মধ্যে  Alice in Wonderland খুঁজে পেয়ে  উলস্সিতো I মলাটটা খুলে দেখি মুক্তোর অক্ষরে লেখা - তুলির   ষষ্ঠ জন্মতিথি তে মনিদিদা ও বিলকি মাসি I এক ঝাঁক সুখস্মৃতি নিয়ে যেই প্রথম পাতাটা  উল্টোতে যাবো, হঠাৎ মোবাইলটা  টিং টিং করে উঠলো I তাড়াতাড়ি হাতে তুলে দেখি ফেসবুক নোটিফিকেশন I আমার বন্ধুরা কয়েকজন কমেন্ট দিয়েছে আগের দিন আমাদের বিবাহবার্ষিকীতে পোস্ট করা  ছবিতে I আর তার নিচে একটা পুরোনো ফ্রেন্ড রিকোয়েস্ট রিমাইন্ডার .... বিলকি মাসির I চোখটা হঠাৎ ঝাপসা হয়ে আসে I এই রিকোয়েস্টটা আ্যক্সেপ্ট আর করা হল না    ... বিলকি মাসি যে আজ ছমাস হলো আ্যলিসের ওয়ান্ডারল্যান্ড এরই বাসিন্দা I


প্রত্যাবর্তন ১ - বসন্ত

বসন্ত কি আবারো ফিরে আসে?
যখন শুকনো ঝরা পাতাগুলোর মাঝে লুকিয়ে থাকা 
বেগুনি ফুলটা, এনে দেয় নবীনের একটুকু ছোঁয়া I 
যখন খয়েরি কান মোড়া ডায়েরিটার হলদে পাতায়,
তোমার হারিয়ে যাওয়া চিঠি, এক ঝলক আদরমাখা স্মৃতি I 
যখন পুরোনো হাতবাক্সে হঠাৎ খুঁজে পাওয়া নীল পাথরের ঝুমকোটা, 
বুকের মধ্যে ছড়িয়ে দেয় হারানো সেই সুরের অনুরণন I 
মনে হয় যেন বসন্ত আবার ফিরে আসে II 
যখন হিমেল ঝড়ের রাতে ফায়ারপ্লেসের ধারে,
হঠাৎ নীরা খুঁজে পায় তার যৌবনের নীলকে I 
যখন কুয়াশা ঢাকা পথের মাঝে, 
গাড়ির মধ্যে বেজে ওঠে আলী আকবরের চন্দ্রনন্দন I 
আর যখন রেশমি বালুচরিটার পাট ভাঙতে গিয়ে,  
আবার সেই প্রিয় সুগন্ধি আচ্ছন্ন করে যায় মনটাI 
তখনই বসন্ত বারবার ফিরে আসে II


                                                     - সোমদত্তা রায়